কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (২ নভেম্বর) রাত ৩টার দিকে কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে গভীর সমুদ্রে সন্দেহজনক একটি বোটের গতিবিধি নজরে আসে। এ সময় বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১২ জনকে আটক করা হয়।সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও জানান, দেশের সমুদ্রসীমায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।