কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ইকবাল হাসানকে মারধর, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার প্রকাশ আবছার মেম্বারসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে পিএমখালীর মোহসিনিয়া পাড়ার ঘোনার পাড়া এলাকায় এক নারীকে নির্যাতনের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান জাতীয় দৈনিক ‘মুক্ত খবর’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইকবাল হাসান।অভিযোগে বলা হয়, সেখানে সংবাদ সংগ্রহের সময় নুরুল আবছার প্রকাশ আবছার মেম্বারসহ অভিযুক্তরা তার ওপর হামলা চালান। তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এ সময় লোহার রড, কাঠের লাঠি ও দেশীয় অস্ত্রের বাট দিয়ে আঘাত করার অভিযোগও করা হয়েছে।এ ছাড়া সাংবাদিকের কর্মপরিচয়পত্র, একটি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। মানিব্যাগে নগদ ২১ হাজার ৬০০ টাকা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ওই এলাকায় সংবাদ সংগ্রহে গেলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন বাদী।পরে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক ইকবাল হাসান।অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।