কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মো. আক্তার নামে এক ব্যক্তি রোহিঙ্গা শ্রমিকদের দিয়ে সকাল থেকে পাহাড় কেটে চার ডাম্পার মাটি অবৈধভাবে পাচার করেছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার কাজে জড়িত অবস্থায় একজনকে আটক করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বন বিভাগ জানিয়েছে, এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
পাহাড় কাটা ও মাটি পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও বন বিভাগ কাজ করছে।