দেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক তারেকুর রহমান।পত্রিকাটির সম্পাদক নূরুল কবীর স্বাক্ষরিত এক নিয়োগপত্রে তাকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তারেকুর রহমান ফ্রিল্যান্সিং সাংবাদিক হিসেবে বিবিসি নিউজ বাংলাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন।দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জনস্বার্থ সাংবাদিকতা, জলবায়ু ও আবহাওয়া, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, রোহিঙ্গা পরিস্থিতি, উন্নয়ন সাংবাদিকতা, দুর্যোগ, মানবাধিকার, পরিবেশ এবং খেলাধুলাসহ স্থানীয় জনজীবনের বিভিন্ন বিষয়ে মাঠভিত্তিক ও তথ্যনির্ভর নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছেন। পাশাপাশি ফিচার ও মানবিক প্রতিবেদনের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবন-সংগ্রাম ও বাস্তবতার চিত্র তুলে ধরেন।এক প্রতিক্রিয়ায় তারেকুর রহমান বলেন, ‘নিউ এজ- এর মতো দেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিকে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। এই দায়িত্বের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে তুলে ধরতে চাই। পত্রিকা কর্তৃপক্ষের আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। এই পথচলায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করছি।’তিনি সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ি থেকে এবং পরবর্তীতে দৈনিক আজকের দেশবিদেশ- এ কাজ করেছেন। এছাড়াও জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম ও দৈনিক খবরের কাগজ-এ কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তারেকুর রহমান কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে মার্কেটিং বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নকালেই তিনি সাংবাদিকতায় যুক্ত হন।