কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মধ্য পাহাড়পাড়া এলাকায় ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শওকত ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে রামু থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযুক্ত শওকত ইসলাম একই এলাকার শামসুল আলমের ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর মা জমিলা আক্তার অভিযোগ করে বলেন, আজ বিকেল ৩টার দিকে তাঁর মেয়ে মনিরঝিল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শওকত তাকে গাড়িতে উঠতে বলে। শিশুটি গাড়িতে উঠতে না চাইলে তাকে জোর করে গাড়িতে তোলা হয়। পরে মধ্যম কাউয়ারখোপের পাহাড়পাড়া এলাকার একটি লেবুবাগানে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, অভিযুক্তের কাছে একটি ফোনকল আসার পর তিনি কথা বলার সময় শিশুটি সেখান থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন।
পরে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”